কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত নয়জনের মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁদের মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং একজন ভারতের ঝাড়খন্ডের বাসিন্দা। মরদেহগুলো উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত (৩৯), তাঁর স্ত্রী আফসানা শারমীন (২৭), তাঁদের ছেলে স্বর্ণশীষ দত্ত (৩) এবং দেবাশীষের শ্বশুর মো. আকরাম আলী (৬৪)। দেবাশীষ দত্তের পারিবারিক সূত্রে তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
নিহত অপর বাংলাদেশি হলেন ঢাকার সাভারের আহমেদ বাবু (৪০)। তাঁর বাড়ি সাভারের আমিনবাজার এলাকার বেগুনবাড়িতে। তাঁর বাবার নাম আদম আলী।
এ ছাড়া ঝাড়খন্ডের গিরিডি জেলার বাসিন্দা সন্দীপ পাসওয়ানের পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। নিহত অপর তিনজনের পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।
কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান জানান, দেবাশীষ দত্ত আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি চ্যানেল নাইন ও দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ছিলেন।
দেবাশীষ দত্ত কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকার দিলীপ দত্তের ছেলে। তাঁর শ্বশুর আকরাম আলীর বাড়ি শহরের থানাপাড়া এলাকায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, অসুস্থ স্ত্রী আফসানা শারমীনের চিকিৎসার জন্য গত ৩ আগস্ট পরিবারের সদস্যদের নিয়ে ভারতে যান দেবাশীষ দত্ত। প্রথমে তাঁরা বেঙ্গালুরুতে চিকিৎসা নেন। ১৩ দিনের চিকিৎসা শেষে মঙ্গলবার (১৮ আগস্ট) কলকাতায় ফেরেন তাঁরা। দেশে ফেরার প্রস্তুতির মধ্যেই কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিবারের চারজনের মৃত্যু হয়।
দেবাশীষ দত্তের আট বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তাঁর মা-বাবাও জীবিত রয়েছেন।
এদিকে সপরিবারে দেবাশীষ দত্তের মর্মান্তিক মৃত্যুতে শোক জানিয়েছে আজকের পত্রিকা পরিবার।