দেশে হামের প্রাদুর্ভাব থামার কোনো লক্ষণ নেই, বরং নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে শিশু মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও কয়েকটি প্রাণহানির খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রকাশিত হালনাগাদ তথ্যে দেখা যায়, সকাল ৮টা পর্যন্ত এক দিনে হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৩ শিশু। অর্থাৎ, একদিনেই মোট ৯ শিশুর প্রাণহানি ঘটেছে এই রোগে।
এ সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৯ শিশু। এর মধ্যে ১৬৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে, আর ১ হাজার ২৭৬ জন হামের উপসর্গ নিয়ে আক্রান্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত পরিস্থিতি বেশ ভয়াবহ। এই সময়ের মধ্যে হামের উপসর্গে মৃত্যু হয়েছে ২২৬ শিশুর, আর নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৪৭ জন। সব মিলিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২৭৩-এ।
চিকিৎসা ব্যবস্থার ওপরও চাপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৬ শিশু, যদিও একই সময়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৯৭৩ জন।
এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৬২ জনে, আর নিশ্চিত রোগী ৪ হাজার ৮৫৬। এর মধ্যে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ২৩ হাজার ৩৪৮ জনকে, যাদের মধ্যে ১৯ হাজার ৯৯১ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।