মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, নতুন সময়সূচি অনুযায়ী মতিঝিল থেকে উত্তরাগামী দিনের সর্বশেষ মেট্রোরেল রাত ১১টা পর্যন্ত চলবে। বর্তমানে এই রুটে শেষ ট্রেন ছেড়ে যায় রাত ১০টা ১০ মিনিটে।
অন্যদিকে উত্তরা থেকে মতিঝিলগামী দিনের সর্বশেষ মেট্রোরেল রাত ১০টা ১০ মিনিটে ছাড়ার পরিকল্পনা রয়েছে, যেখানে এখন শেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ৯টায়। বর্তমানে প্রতিদিন সকালে উত্তরা থেকে মতিঝিলগামী প্রথম মেট্রোরেল ছেড়ে যায় সকাল সাড়ে ৬টায়। আর মতিঝিল থেকে উত্তরাগামী প্রথম ট্রেন ছাড়ে সকাল সোয়া ৭টায়। যদিও রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানো হচ্ছে, তবে সকালে সময়সূচিতে আপাতত কোনো পরিবর্তন আনার পরিকল্পনা নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।