লিওনেল মেসি গোল করেও দলকে হার থেকে বাঁচাতে পারলেন না। টরন্টো এফসির কাছে ২-১ গোলে হেরে মেজর লিগ সকারে টানা পাঁচ ম্যাচ ধরে জয়ের দেখা পেল না ইন্টার মিয়ামি।
বাংলাদেশ সময় রোববার ভোরে নিজেদের মাঠে টরন্টোর মুখোমুখি হয় মেসির দল। ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলায় ছিল তীব্রতা ও শারীরিক লড়াই। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সবচেয়ে ভালো সুযোগ পেয়েছিল মিয়ামি। তবে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন লুইস সুয়ারেজ। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পর আক্রমণের গতি বাড়ানোর চেষ্টা করে মিয়ামি। কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিয়ে নেয় টরন্টো। মিয়ামির রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে বাঁ পায়ের দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন জোশ সার্জেন্ট।
প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। ডেরিক এতিয়েন জুনিয়রের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় টরন্টো।
ম্যাচের শেষ দিকে মিয়ামির হয়ে আশার আলো জ্বালান মেসি। রদ্রিগো ডি পলের বাড়ানো বল ধরে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান কমান আর্জেন্টাইন অধিনায়ক। এরপর যোগ করা সময়েও সমতায় ফেরার জন্য সর্বাত্মক চেষ্টা চালায় স্বাগতিকরা, তবে দ্বিতীয় গোলটি আর পাওয়া হয়নি।
শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মিয়ামি। এই হারে টানা পাঁচ ম্যাচে জয়হীন থাকল দলটি। এর মধ্যে চার ম্যাচেই হার মানতে হয়েছে মেসিদের।
আগামী ২৯ আগস্ট সিএফ মন্ট্রিয়লের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে ইন্টার মিয়ামি।