বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের এক বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতাউর রহমান রুমান বলেন, বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যের শেষ দিকে তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
রুমান বলেন, ‘তিনি রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।’ এ সময় বৈঠকে উপস্থিত দলের নেতারা দীর্ঘ সময় করতালি দিয়ে এ ঘোষণাকে স্বাগত জানান।
৭৮ বছর বয়সী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১৬ সাল থেকে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিএনপির মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে আগামী ২০ আগস্ট অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচনে দলটির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রতিদ্বন্দ্বিতার পথে গেলেন মির্জা ফখরুল।
এর আগে দলের রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব তারেক রহমানের ওপর অর্পণ করেছিল বিএনপির স্থায়ী কমিটি। সেই দায়িত্বের পরিপ্রেক্ষিতেই মির্জা ফখরুলকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো।