বঙ্গভবনে আনুষ্ঠানিক শপথ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
শপথ অনুষ্ঠানের আগে বঙ্গভবনে পৌঁছালে সামরিক সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নবনির্বাচিত রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানান।
দরবার হলে রাষ্ট্রপতি ও নবনির্বাচিত রাষ্ট্রপতি প্রবেশের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শপথের আনুষ্ঠানিকতা শুরু হয়। মন্ত্রিপরিষদ সচিব রাষ্ট্রপতি নির্বাচন আইন উপস্থাপনের পর ভারপ্রাপ্ত স্পিকারকে শপথ পড়ানোর অনুরোধ জানান।
শপথ নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি পরস্পরের আসন পরিবর্তন করেন। পরে রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত স্পিকার শপথ-সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেন। দায়িত্ব গ্রহণের পর দুজন পরস্পরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এরপর রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের শপথ পড়ান। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বঙ্গভবনের শপথ অনুষ্ঠান শেষ হয়।