বৃহস্পতিবার সকালে বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। সকাল ৮টার দিকে শুরু হওয়া বৃষ্টিতে অফিসগামী ও কর্মজীবী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। অনেকেই বৃষ্টির মধ্যে ভিজেই কর্মস্থলের উদ্দেশে রওনা হন।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও আশপাশের এলাকায় দিনের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
এদিকে দেশের কয়েকটি অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।