অধিকাংশ সরকারি কর্মকর্তা ঘুষ ও দুর্নীতিতে জড়িত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, অনিয়ম, লুটপাট ও ঘুষের কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
রোববার বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দীর্ঘ সময় ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় সম্পদ লুট করেছে। দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এমনকি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকেও অর্থ চুরির ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিদেশে অর্থ পাচারের সঙ্গে জড়িত অনেকেই সংশ্লিষ্ট দেশে আইনি ব্যবস্থার মুখোমুখি হলেও বাংলাদেশে এ ধরনের ঘটনায় জড়িত ব্যক্তিদের অনেকের বিচার হয়নি। এ নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, দেশে অন্যায়-অবিচারের বিচার চেয়ে মানুষ দীর্ঘদিন ধরে দাবি জানালেও অনেক ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা দেখা যায় না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে বিপুল অর্থ-সম্পদ বিদেশে নেওয়ার অভিযোগ রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও দুবাইয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলেও দাবি করেন তিনি।
স্পিকারের ভাষ্য, প্রশাসনের কিছু কর্মকর্তা এখনও আগের সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। এ কারণে দেশের প্রকৃত চিত্র জনগণের সামনে পুরোপুরি তুলে ধরা সম্ভব হচ্ছে না।
বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়েও বক্তব্য দেন স্পিকার। তার অভিযোগ, প্রতিবেশী দেশটি বাংলাদেশের স্বার্থের পরিবর্তে নিজেদের স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছে। তিনি দাবি করেন, অতীতে এমন কিছু চুক্তি হয়েছে, যার কারণে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে।
চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পণ্য পরিবহনের ক্ষেত্রেও অসম সুবিধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এতে দেশের ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন বলে মন্তব্য করেন স্পিকার।
সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সীমান্তে নিয়মিত প্রাণহানির ঘটনা উদ্বেগজনক। এ বিষয়ে বাংলাদেশের স্বার্থ রক্ষায় আরও কঠোর অবস্থান নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও তিনি ইঙ্গিত দেন।
মতবিনিময় সভায় তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক ওমর আসাদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।