বিশ্বকাপকে সামনে রেখে কিছুটা স্বস্তি ফিরেছিল ব্রাজিল শিবিরে। ফিটনেস নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে ২৬ সদস্যের চূড়ান্ত দলে জায়গা পেয়েছিলেন তারকা ফরোয়ার্ড নেইমার । তবে সেই স্বস্তি বেশিদিন টিকল না। দল ঘোষণার কয়েক দিনের মাথায় আবারও ইনজুরিতে পড়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।
সান্তোস ক্লাব বুধবার (২০ মে) নিশ্চিত করেছে, নেইমারের ডান পায়ের কাফে ২ মিলিমিটারের একটি ইডিমা বা ফোলা ধরা পড়েছে। যদিও ক্লাব কর্তৃপক্ষ এটিকে গুরুতর সমস্যা হিসেবে দেখছে না, তবুও বিশ্বকাপের ঠিক আগে এমন চোট স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে ব্রাজিল সমর্থকদের মধ্যে।
এই চোটের কারণে ইতোমধ্যে কোপা সুদামেরিকানায় সান লরেঞ্জোর বিপক্ষে খেলতে পারেননি নেইমার। সামনে গ্রেমিওর বিপক্ষে লিগ ম্যাচেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বর্তমানে দ্রুত সুস্থ হয়ে ২৭ মে ব্রাজিল দলের ক্যাম্পে যোগ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন তিনি।
তবে আশাবাদী সান্তোসের মেডিকেল বিভাগ। ক্লাবটির মেডিকেল প্রধান রদ্রিগো জোগাইব জানিয়েছেন, নেইমারের চোট গুরুতর নয় এবং পরিকল্পনা অনুযায়ী তিনি আগামী সপ্তাহেই জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার মতো ফিট হয়ে উঠবেন।