রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডে আসামি গ্রেফতার এবং ঘটনার রহস্য উদঘাটন নিয়ে বৃহস্পতিবার রাতে সংবাদ ব্রিফিং করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে ডিএমপির মিডিয়া সেন্টারে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য দেবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।
ব্রিফিংয়ে পল্লবীর বহুল আলোচিত রামিসা হত্যা মামলার তদন্তের অগ্রগতি, গ্রেফতার হওয়া আসামি এবং ঘটনার পেছনের রহস্য নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হতে পারে বলে জানা গেছে।
এর আগে মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরের পল্লবী থানার সেকশন-১১ এর ব্লক-বির একটি বাসায় নির্মম এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রামিসা আক্তারকে গলা কেটে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর সন্দেহভাজন হিসেবে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।