ঢাকার চারপাশের নদ-নদীকে দূষণমুক্ত করা এবং রাজধানীকে বাসযোগ্য রাখতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সকালে সচিবালয়ে ঢাকার আশপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, নাব্যতা রক্ষা ও নৌপথ উন্নয়ন নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিচ্ছন্ন নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু সরকারি নির্দেশনার অপেক্ষায় না থেকে ব্যক্তিগত পর্যায়েও পরিবেশ রক্ষায় উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যাসহ ঢাকার আশপাশের নদী, খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ এবং বর্জ্য অপসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে নদীর নাব্যতা ও পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং রাজধানী ঘিরে বিদ্যমান বৃত্তাকার নৌপথের উন্নয়ন নিয়েও পর্যালোচনা করা হয়।
এ সময় প্রধানমন্ত্রী আগে নেওয়া পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে কাজ এগিয়ে নেওয়ার নির্দেশও দেন তিনি।