দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল থেকে রাতের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে ১৪ জেলার নদীবন্দরগুলোকে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর।
বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে জানানো হয়, গোপালগঞ্জ, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
এ পরিস্থিতিতে এসব জেলার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর ও মাদারীপুর জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে।
এসব জেলার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।