নির্বাচনের আগে নতুন করে বিতর্কে জড়ালেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। সম্প্রতি সিনেমা ফাঁসের ঘটনায় চাপে থাকা এই তারকা এবার আইনি ঝামেলায় পড়েছেন।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগম-এর কার্যক্রম ঘিরেই এই জটিলতা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, নির্ধারিত নিয়ম না মেনে চেন্নাই শহরের বিভিন্ন ব্যস্ত এলাকায় বড় পরিসরে শোভাযাত্রা করেছেন তিনি।
পুলিশ জানায়, একটি নির্দিষ্ট স্থানে কর্মসূচির অনুমতি দেওয়া হলেও তা অমান্য করে টি নগর, থাউজ্যান্ড লাইটস ও এগমোরসহ বিভিন্ন এলাকায় রোড শো করেন বিজয়। এতে হাজারো সমর্থকের উপস্থিতিতে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়।
এ ঘটনায় নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতা ধারা ২২৩-এর আওতায় করা এ মামলায় সরকারি নির্দেশ অমান্যের অভিযোগ আনা হয়েছে।
শুধু একটি নয়, পশ্চিম মাম্বালাম, নুঙ্গামবাক্কাম ও ভেপেরিসহ চেন্নাইয়ের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে বলে জানা গেছে। এতে বিজয়ের পাশাপাশি তাঁর দলের আরও কয়েকজন নেতার নামও রয়েছে।
এদিকে আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ২০২৬-এর আগে এই ঘটনা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি বিজয় বা তাঁর দল।