হরমুজ প্রণালি অতিক্রমের সময় সৌদি আরবের একটি বাণিজ্যিক জাহাজে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজে থাকা দুই নাবিক নিহত হয়েছেন। নিহত দুজনই ফিলিপাইনের নাগরিক বলে জানা গেছে।
সৌদি জাতীয় শিপিং কোম্পানি জানিয়েছে, তাদের মালিকানাধীন ‘সিডর’ নামের জাহাজটি গত সোমবার হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় আকস্মিক হামলার মুখে পড়ে। পরে বুধবার এ ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়।
একই দিনে ওই এলাকায় চলাচলরত একটি তেলবাহী ট্যাংকারেও তিনটি অজ্ঞাত বস্তু আঘাত হানার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করেছে সৌদি আরব। দেশটির অভিযোগ, সাম্প্রতিক সামরিক ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজের ওপর নজরদারি এবং হুমকি বাড়িয়েছে ইরান।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নতুন করে হামলার ঘটনায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।