সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পরিবহন অবকাঠামোতে ড্রোন হামলার ঘটনায় ইরানের সম্পৃক্ততার আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার আয়ারল্যান্ডের ডাবলিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, এ ঘটনার সঙ্গে ইরান জড়িত থাকার সম্ভাবনাই বেশি বলে তিনি মনে করছেন।
সৌদি আরবের পূর্বাঞ্চলের তেল উৎপাদনকারী অঞ্চল থেকে লোহিত সাগরের উপকূল পর্যন্ত অপরিশোধিত তেল পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের। বৃহস্পতিবার আকাশপথে ড্রোন হামলার পর পাইপলাইনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
হামলায় কয়েকজন আহত হওয়ার পাশাপাশি পাইপলাইনের অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামলায় ব্যবহৃত ড্রোন ইরাকের ভূখণ্ড থেকে উড্ডয়ন করেছিল।
তবে হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ নিয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত শেষ হওয়ার আশাবাদও জানিয়েছেন ট্রাম্প। তার ধারণা, সংঘাতের অবসান হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামও কমতে পারে।
সৌদি আরবের তেল অবকাঠামোয় নতুন এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।