সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করেছে সামিট এলএনজি টার্মিনাল। শুরুতে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও ধাপে ধাপে তা বাড়িয়ে পূর্ণ সক্ষমতায় নেওয়ার প্রস্তুতি চলছে।
সামিটের মুখপাত্র জানান, আগামীকাল রাত ২টার মধ্যে সরবরাহ বাড়িয়ে দৈনিক ৫৫০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করার আশা করা হচ্ছে। সরবরাহ বাড়লে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে গ্যাসের প্রাপ্যতা বাড়বে।
এতে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরার পাশাপাশি জাতীয় জ্বালানি ব্যবস্থার ওপর চাপও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান আব্দুল মান্নান বাসসকে বলেন, সামিটের ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) থেকে সন্ধ্যা থেকেই গ্যাস সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে গ্যাসের চাপ বাড়িয়ে মধ্যরাতের মধ্যে পূর্ণমাত্রায় সরবরাহে পৌঁছানোর আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, একই সময়ে এক্সিলারেট এনার্জির এফএসআরইউ থেকেও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে। দুই টার্মিনাল থেকে সরবরাহ বাড়লে সামগ্রিকভাবে গ্যাস সংকটের চাপ কমবে বলে আশা করা হচ্ছে।