কক্সবাজারের টেকনাফ-এ পাহাড়ি সন্ত্রাসীদের হামলায় তিনজনকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে শীলখালী এলাকার পাহাড়সংলগ্ন স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে শীলখালীর বাসিন্দা রবি আলমের পরিচয় নিশ্চিত করা গেছে। তবে অপর দুইজনের পরিচয় এখনো জানা যায়নি।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কাদের জানান, ভোররাতের কোনো এক সময় তাদের অপহরণ করা হয়ে থাকতে পারে। পরে পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে পিটিয়ে ও গলা কেটে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। নিহতদের একজন তার আত্মীয় বলেও উল্লেখ করেন তিনি। একই ঘটনায় আরও দুইজন নিখোঁজ রয়েছেন, তাদের খোঁজে তল্লাশি চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্ত কার্যক্রম চালাচ্ছে।