ডিজিটাল সংযোগকে আরও টেকসই ও দুর্যোগ সহনশীল করার বার্তা নিয়ে আজ ১৭ মে পালিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি ঘিরে নেওয়া হয়েছে নানা আয়োজন। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘ডিজিটাল জীবনধারা: সংযোগে স্থিতি, সহনশীলতায় শক্তি’।
এবারের প্রতিপাদ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এমন একটি ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার ওপর, যা প্রাকৃতিক দুর্যোগ, সাইবার হামলা কিংবা যেকোনো সংকটের সময়েও সচল থাকবে। একই সঙ্গে প্রযুক্তির সুবিধা থেকে যেন কোনো মানুষ বিচ্ছিন্ন না হয়, সেই বিষয়টিও তুলে ধরা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) রাজধানীর বিটিআরসি ভবনে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন।
এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বিটিআরসি চেয়ারম্যান এমদাদুল বারী। একই ভেন্যুতে আয়োজন করা হয়েছে টেলিযোগাযোগ মেলাও, যেখানে প্রযুক্তি ও ডিজিটাল সেবার বিভিন্ন দিক তুলে ধরা হবে।
উল্লেখ্য, ১৮৬৫ সালের ১৭ মে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন বা আইটিইউ প্রতিষ্ঠার স্মরণে প্রতি বছর বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপন করা হয়।