রাজধানীর শাহবাগ এলাকায় রাজনৈতিক উত্তেজনার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর দুই নেতা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যার পর শাহবাগ থানার সামনে এই ঘটনা ঘটে।
হামলার শিকাররা হলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। ঘটনার পর তাদের দ্রুত উদ্ধার করে থানার ভেতরে নেওয়া হয়। এ সময় থানার সামনে উত্তেজিত জনতা ও ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়।
ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ছাত্রদলের নেতাকর্মীরা বহিরাগতদের সঙ্গে নিয়ে এ হামলা চালিয়েছে। সংগঠনটির সংশ্লিষ্ট নেতারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাদের নেতাদের টার্গেট করা হয়েছে।
তবে ছাত্রদলের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য এসেছে। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এক নেতা জানান, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জুবায়ের ও মুসাদ্দিকসহ সংশ্লিষ্টরা থানায় এলে সাধারণ শিক্ষার্থী ও ক্ষুব্ধ লোকজন তাদের ঘিরে ফেলে। তিনি দাবি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ছাত্রদলের নেতাকর্মীরাই বরং প্রতিরোধ গড়ে তোলে এবং বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ভূমিকা রাখে।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের সমর্থনে অংশ নিয়ে নির্বাচিত হয়েছিলেন এ বি জুবায়ের ও মুসাদ্দিক।