বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফিক্সিং তদন্তে আরও দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযোগের পর তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক মো. আব্দুল কাইয়ুম রাশেদ এবং দুর্বার রাজশাহীর ম্যানেজার মো. আমিন খান। বিপিএলের একাদশ ও দ্বাদশ আসরকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা, দুর্নীতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য না দেওয়া, তদন্তে সহযোগিতা না করা এবং তদন্ত প্রক্রিয়ায় বাধা সৃষ্টি বা বিলম্ব ঘটানো।
আব্দুল কাইয়ুম রাশেদের বিরুদ্ধে ম্যাচের ফলাফল অনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা, দুর্নীতির প্রস্তাবের বিষয়ে দুর্নীতিবিরোধী কর্মকর্তাকে অবহিত না করা এবং তদন্তে অসহযোগিতার অভিযোগ রয়েছে।
অন্যদিকে আমিন খানের বিরুদ্ধে ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা, দুর্নীতিতে প্ররোচনা, তদন্তে অসহযোগিতা এবং তদন্ত-সংশ্লিষ্ট প্রমাণ নষ্ট করা বা তদন্তে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
বিধি অনুযায়ী, অভিযোগের বিষয়ে নিজেদের বক্তব্য দেওয়ার জন্য দুই কর্মকর্তাকে ১৪ দিন সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তারা অভিযোগের জবাব দিতে পারবেন।
এর আগে চলতি মাসের শুরুতেও বিপিএলের ফিক্সিং ও দুর্নীতিসংক্রান্ত ঘটনায় কয়েকজন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল।