এশীয় জলসীমায় এক শ্বাসরুদ্ধকর অভিযানে ইরানের তিনটি বিশালাকায় তেলবাহী ট্যাংকার জব্দ করেছে মার্কিন সামরিক বাহিনী। ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার উপকূলীয় অঞ্চল থেকে জাহাজগুলো নিয়ন্ত্রণে নিয়ে ওয়াশিংটন এখন সেগুলোকে অজ্ঞাত গন্তব্যে সরিয়ে নিচ্ছে। তেহরানের সমুদ্র বাণিজ্যের ওপর মার্কিন অবরোধ কঠোর করার অংশ হিসেবেই এই নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হলো।
মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি এবার উপসাগরীয় অঞ্চলের সীমানা ছাড়িয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জলসীমায় আছড়ে পড়েছে। শিপিং ও আন্তর্জাতিক নিরাপত্তা সূত্রের দাবি অনুযায়ী, তেহরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করতে পেন্টাগন এই বিশেষ অভিযান পরিচালনা করে। ভারত মহাসাগর ও তার পার্শ্ববর্তী দেশগুলোর কৌশলগত জলসীমা ব্যবহার করে ইরান যখন তাদের তেল রফতানির চেষ্টা করছিল, ঠিক তখনই মার্কিন নেভি জাহাজগুলোর গতিপথ রোধ করে।
বিশ্লেষকদের মতে, এটি কেবল সাধারণ কোনো ‘সিজার’ বা জব্দ করার ঘটনা নয়; বরং এটি ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানকে দেওয়া একটি কঠোর বার্তা। বিশেষ করে হরমুজ প্রণালিতে সাম্প্রতিক সময়ে ইরানের আক্রমণাত্মক আচরণের পাল্টা জবাব হিসেবেই এই সমুদ্র-অপারেশনকে দেখা হচ্ছে।
দীর্ঘদিন ধরেই ইরান তাদের আয়ের প্রধান উৎস ‘তেল’ রফতানির জন্য বিকল্প রুট খুঁজছে। হরমুজ প্রণালিতে পশ্চিমা দেশগুলোর আধিপত্য কমাতে তেহরান এর আগে তিনটি জাহাজে গুলিবর্ষণ করে নৌপথ বন্ধের হুমকি দিয়েছিল। ওয়াশিংটন বিষয়টিকে আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ-নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে বিবেচনা করছে।
সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্রগুলো বলছে, জব্দকৃত জাহাজগুলো আন্তর্জাতিক রাডার ফাঁকি দেওয়ার জন্য তাদের 'ট্রান্সপন্ডার' বন্ধ করে রেখেছিল। একে সামুদ্রিক ভাষায় ‘ডার্ক শিপিং’ বলা হয়। কিন্তু অত্যাধুনিক মার্কিন স্যাটেলাইট নজরদারি এড়ানো সম্ভব হয়নি। জাহাজগুলো এখন মার্কিন নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ার কোনো গোপন ঘাঁটির দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
ভারত ও শ্রীলঙ্কার মতো দেশের উপকূলীয় অঞ্চল থেকে জাহাজ জব্দ করায় সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও দেশগুলো সরাসরি এই অভিযানে অংশ নেয়নি, তবে তাদের রাডারের নাগালে মার্কিন সামরিক তৎপরতা এশীয় নৌ-রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে। ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া না গেলেও, দেশটি সাধারণত এমন পদক্ষেপকে ‘আধুনিক জলদস্যুতা’ হিসেবে আখ্যা দিয়ে থাকে।