হরমুজ প্রণালিতে অবরোধ অব্যাহত থাকলে ইরানকে নজিরবিহীন অর্থনৈতিক বিচ্ছিন্নতার মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। আগামী সপ্তাহে ইরানের বিরুদ্ধে নতুন কিছু পদক্ষেপের ঘোষণা আসতে পারে বলেও জানিয়েছেন তিনি।
রক্ষণশীল টেলিভিশন নেটওয়ার্ক নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, হরমুজ প্রণালির অবরোধ চলতে থাকলে ইরানের বন্দর দিয়ে কোনো পণ্য প্রবেশ বা বের হতে দেওয়া হবে না। তাঁর ভাষ্য, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ একই সঙ্গে অর্থনৈতিক ও সামুদ্রিক—দুই দিক থেকেই বাড়ানো হবে।
বেসেন্ট বলেন, ইরানের ওপর আর্থিক চাপ তৈরির পাশাপাশি দেশটির বন্দরগুলোকে কার্যত অবরুদ্ধ করার পদক্ষেপ নেওয়া হবে। তাঁর দাবি, এমন অর্থনৈতিক বিচ্ছিন্নতার নজির বিশ্ব আগে দেখেনি।
এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছিলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের তাৎক্ষণিক অগ্রাধিকার হচ্ছে মার্কিন নাগরিকদের জন্য তেল ও গ্যাসের দাম কমিয়ে আনা। ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এখন দ্বিতীয় অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি।
তবে বেসেন্টের সর্বশেষ বক্তব্য তাঁর কয়েক দিন আগের মন্তব্যের সঙ্গে মিলছে না। গত ৪ আগস্ট সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার বিষয়ে তেহরানের সঙ্গে কয়েক দিনের মধ্যেই সমঝোতা হতে পারে।
ওই বক্তব্যের পর ওয়াল স্ট্রিটের শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়ে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দামও কমে যায়। তবে নতুন করে ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ও অবরোধমূলক পদক্ষেপের ইঙ্গিত দেওয়ায় পরিস্থিতি আবারও অনিশ্চিত হয়ে উঠেছে।