বুধবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করা হলে শুনানি শেষে মহানগর ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।
এর আগে ৯ আগস্ট ভোরে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ডনকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। ওই দিনই আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। পরে ২৭ আগস্ট আদালত সালমান শাহ হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সালমান শাহকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাটি করা হয়। মামলার বাদী চিত্রনায়কের মামা মোহাম্মদ আলমগীর। দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় করা মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ, আশরাফুল হক ডনসহ ১১ জনকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর রমনা থানায় প্রথমে একটি অপমৃত্যুর মামলা হয়েছিল। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে ঘটনাটি হত্যা মামলা হিসেবে নেওয়া হয়। এরপর সালমান শাহর মামা থানায় নতুন করে হত্যা মামলা দায়ের করেন।