দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলামকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতিকালে তাঁকে আটক করা হয়।
জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন সুইডেন আসলাম। এ সময় ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর্যায়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র জানিয়েছে, তেজগাঁও থানায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত করছে ডিবি।