রাজধানীর বনানীর একটি জুয়েলারি দোকানে জাল নোট দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালংকার কেনার চেষ্টা করতে গিয়ে মো. রুবেল আহমেদ ফকির নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বনানী সুপার মার্কেটের একটি জুয়েলারি দোকানে দুই ব্যক্তি ক্রেতা পরিচয়ে প্রবেশ করেন। তারা জানান, আত্মীয়ের বিয়ের জন্য প্রায় ২০ থেকে ২১ ভরি স্বর্ণালংকার কিনবেন। পরে পছন্দ করা অলংকার বিল করে প্যাকেট করতে বলেন।
মূল্য পরিশোধের সময় তারা একটি কালো ট্রলি ব্যাগ থেকে টাকা বের করে দোকানের কাচের টেবিলের ওপর রাখেন। টাকাগুলো দেখে দোকানের কর্মচারীদের সন্দেহ হলে পরীক্ষা করে সেগুলো জাল বলে নিশ্চিত হন।
বিষয়টি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। তবে স্থানীয় লোকজন একজনকে আটক করতে সক্ষম হলেও অপর ব্যক্তি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে বনানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়।
পরে তার কাছ থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। গ্রেফতার হওয়া মো. রুবেল আহমেদ ফকিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।