চলমান যুদ্ধবিরতি ও কূটনৈতিক তৎপরতার মধ্যেই দক্ষিণ ইরানের বন্দর নগরী বন্দার আব্বাসে নতুন করে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
সেন্টকমের দাবি, হামলার লক্ষ্য ছিল ইরানের একটি ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং মাইন পেতে ব্যবহৃত নৌযান। মার্কিন বাহিনীর ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য হুমকি মোকাবিলা ও সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা এটিকে ‘আত্মরক্ষামূলক অভিযান’ হিসেবে উল্লেখ করেছে।
তবে হামলার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি তেহরান। এমন এক সময় এই ঘটনা ঘটল, যখন দুই দেশের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনা জোরদার হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। তবে সংঘাত নিরসনে তাৎক্ষণিক কোনো সমঝোতার সম্ভাবনা নেই বলেও ইঙ্গিত দেন তিনি।
এদিকে ভারতের নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র এখনো কূটনৈতিক পথকে অগ্রাধিকার দিচ্ছে। তার ভাষায়, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা এবং পারমাণবিক ইস্যুতে সময়সীমাবদ্ধ আলোচনার জন্য একটি শক্ত ভিত্তির প্রস্তাব টেবিলে রয়েছে।
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে আলোচনায় অগ্রগতি না হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়ারও ইঙ্গিত দেন তিনি।
এ অঞ্চলের উত্তেজনার মধ্যে গত এপ্রিলের মাঝামাঝিতে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও, আত্মরক্ষার অজুহাতে এখনো হিজবুল্লাহ সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে