রাজধানীর বাজারে এখন সবজি কিনতে গেলে পকেটে চাপ পড়াটা যেন নিয়মে দাঁড়িয়েছে। মৌসুমের শেষ, সরবরাহের ঘাটতি আর তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন ব্যয়ের বাড়তি চাপ, এই তিনে মিলে প্রায় সব ধরনের সবজির দামই উঠে গেছে নাগালের বাইরে।
রবিবার (১৯ এপ্রিল) ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বেশিরভাগ সবজিই ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। পটল কেজি ১০০ টাকা, কাঁকরোল ১৬০ টাকা, বেগুন ১০০ থেকে ১৪০ টাকার মধ্যে। ঝিঙ্গা, ধন্দুল, করলা, শসা ও বরবটি, সবই ১০০ টাকার ঘরে। চিচিঙ্গা তুলনামূলক একটু কম, কেজি ৮০ টাকা।
অন্যদিকে কিছু সবজি এখনো একটু স্বস্তির মধ্যে আছে। মূলা, টমেটো ও ঢেঁড়স কেজি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৬০–৭০ টাকা, মিষ্টি কুমড়া কেজি ৫০ টাকা। কাঁচা কলা হালি ৪০ টাকা আর কচুর লতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
কাওরানবাজারে কেনাকাটা করতে এসে বেসরকারি চাকরিজীবী হাফিজ রহমান বলছেন, গত দুই সপ্তাহ ধরে বাজারের এই অবস্থা। তার ভাষায়, “প্রায় সব সবজিই ১০০ টাকার আশপাশে। অল্প কিছু ছাড়া বাকিগুলো অনেক বেশি দামে কিনতে হচ্ছে।” বাজারে তদারকির অভাব নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বিক্রেতারা বলছেন, সমস্যার শুরু মূলত পাইকারি পর্যায় থেকেই। বাড্ডা বাজারের এক ব্যবসায়ী জানান, মৌসুম শেষ হওয়ায় অনেক সবজির সরবরাহ কমে গেছে। ফলে পাইকারি বাজারেই বেশি দামে কিনতে হচ্ছে, যার প্রভাব খুচরা বাজারে পড়ছে।
রামপুরা এলাকার আরেক বিক্রেতার কথায়, পরিবহন খরচও আগের তুলনায় বেড়েছে। তার সঙ্গে যোগ হয়েছে সরবরাহ সংকট। সব মিলিয়ে বাজারে দাম বাড়তি থাকছেই, নতুন মৌসুমের সবজি না আসা পর্যন্ত এই চাপ কমার সম্ভাবনাও কম।