বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ২৮ মে বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়েকোবাদ)। বৈঠকে জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন জেলা কার্যালয়, জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
ধর্মমন্ত্রী জানান, মঙ্গলবার ১৯ মে থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসেবে ১০ জিলহজ অর্থাৎ ২৮ মে সারাদেশে মুসলমানরা পবিত্র ঈদুল আজহা পালন করবেন।
ইসলামে ঈদুল আজহা ত্যাগের প্রতীক হিসেবে পরিচিত। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মুসলমানরা এ দিনে পশু কোরবানি করে থাকেন। ঈদুল ফিতরের পর এটিই মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে রোববারই জিলহজের চাঁদ দেখা যাওয়ায় সেখানে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। হজ অনুষ্ঠিত হবে ২৬ মে।
ঈদকে ঘিরে ইতোমধ্যে রাজধানীসহ বড় শহরগুলোতে প্রস্তুতি শুরু হয়েছে। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে লাখো মানুষ রেল, সড়ক ও নৌপথে গ্রামের বাড়ির পথে যাত্রা করবেন। ফলে ঈদের সময় ঢাকাসহ বড় শহরগুলো অনেকটাই ফাঁকা হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
ঈদুল আজহা উপলক্ষে আগে থেকেই ২৬ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি নির্ধারিত ছিল। পরে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৫ মে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করে সরকার। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।