দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্তে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা বেড়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন এ মূল্য নির্ধারণের কথা জানায়। সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে লাগবে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।