আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্তের কথা জানিয়ে তিন পাতার একটি আবেগঘন চিঠি লিখেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সাদা কাগজের ওই তিন পাতায় কালো কালিতে নিজের অনুভূতি তুলে ধরেছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
মেসির চিঠির প্রথম পাতায় ফুটে উঠেছে দীর্ঘ ক্যারিয়ারের ক্লান্তি ও পরিপূর্ণতার অনুভূতি। সেখানে তিনি লিখেছেন, জাতীয় দলের হয়ে নিজের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়েছেন। এখন আর দেওয়ার মতো খুব বেশি কিছু অবশিষ্ট নেই বলেও জানিয়েছেন তিনি।
দ্বিতীয় পাতায় মেসি ফিরে দেখেছেন আর্জেন্টিনার জার্সিতে কাটানো দুই দশকের পথচলা। এই দীর্ঘ সময়ে পাওয়া ভালোবাসার জন্য সমর্থকদের ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে পরিবার, সতীর্থ, কোচিং স্টাফ ও দলের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আর্জেন্টিনার হয়ে দীর্ঘ যাত্রায় একজন ফুটবলারের সম্ভাব্য প্রায় সব অভিজ্ঞতাই হয়েছে মেসির। সাফল্য, ব্যর্থতা, হতাশা ও শিরোপা, সবকিছু মিলিয়েই গড়ে উঠেছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার।
তবে চিঠির শেষ পাতাটিই সবচেয়ে বেশি আবেগ ছড়িয়েছে। সেখানে নিজের দেশের প্রতি গভীর ভালোবাসার কথা তুলে ধরে মেসি লিখেছেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, কারণ তিনি আমাকে আর্জেন্টাইন করে পৃথিবীতে পাঠিয়েছেন।’
তিন পাতার এই চিঠিতে তাই শুধু অবসরের ঘোষণা নয়, আর্জেন্টিনার জার্সিতে নিজের দুই দশকের স্মৃতি ও ভালোবাসার কথাও তুলে ধরেছেন মেসি।