ব্যক্তিগত ও সংবেদনশীল কথোপকথন আরও গোপন রাখার সুবিধা দিতে চ্যাটজিপিটিতে ‘Locked Chats’ ফিচার চালু করেছে ওপেনএআই। এর মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট চ্যাটকে সাধারণ চ্যাট হিস্ট্রি, পিন করা চ্যাট ও নিয়মিত সার্চ থেকে আড়ালে রাখতে পারবেন।
ওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, লক করা চ্যাটে প্রবেশ করতে ৪ সংখ্যার অ্যাকাউন্ট PIN ব্যবহার করা যাবে। সমর্থিত মোবাইল ডিভাইসে Face ID, Touch ID বা ডিভাইস আনলক পদ্ধতিও ব্যবহার করা যাবে। ফিচারটি বর্তমানে ধীরে ধীরে বিভিন্ন ব্যবহারকারীর অ্যাকাউন্টে চালু করা হচ্ছে।
লক করা কথোপকথন সাধারণ চ্যাট হিস্ট্রি ও সার্চে দেখা যাবে না। এগুলো পাওয়া যাবে Projects > Locked chats অংশে। সেখানে প্রবেশ করতে PIN বা সমর্থিত ডিভাইস অথেনটিকেশন প্রয়োজন হবে।
তবে এই সুবিধাকে আলাদা কোনো এনক্রিপ্টেড ভল্ট হিসেবে দেখা যাবে না। ওপেনএআই জানিয়েছে, চ্যাট লক করলেও এটি এন্ড-টু-এন্ড এনক্রিপশন তৈরি করে না এবং চ্যাট কতদিন সংরক্ষিত থাকবে বা মডেল উন্নয়নে ব্যবহারের সেটিংসও পরিবর্তন করে না।
এদিকে PIN ভুলে গেলে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ওপেনএআইয়ের নির্দেশনা অনুযায়ী, ভুলে যাওয়া PIN রিসেট করলে সব Locked Chats, শুধু লক করা চ্যাটে থাকা স্মৃতি এবং ওই PIN দিয়ে সুরক্ষিত ফাইল স্থায়ীভাবে মুছে যেতে পারে। এ তথ্য পরে পুনরুদ্ধার করা সম্ভব নয়।
ব্যবহারকারীরা চ্যাটের অপশন মেনু থেকে Lock chat নির্বাচন করে কথোপকথন লক করতে পারবেন। লক করা চ্যাট প্রয়োজন হলে পরে স্থায়ীভাবে আনলক করে আবার সাধারণ চ্যাট হিস্ট্রিতে ফিরিয়ে আনা যাবে।
চ্যাটজিপিটিতে ব্যক্তিগত, পেশাগত ও সংবেদনশীল বিভিন্ন তথ্য নিয়ে কাজ করেন অনেক ব্যবহারকারী। সেই দিক থেকে নির্দিষ্ট কথোপকথন আলাদা করে সুরক্ষিত রাখার এই সুবিধা গোপনীয়তা ব্যবস্থাপনায় নতুন একটি স্তর যুক্ত করল।