‘মা’ মাত্র একটি শব্দ, অথচ এর গভীরতায় লুকিয়ে আছে পুরো পৃথিবীর ভালোবাসা। সন্তানের জীবনে সবচেয়ে নির্ভরতার জায়গা, সবচেয়ে নিরাপদ আশ্রয় আর নিঃস্বার্থ স্নেহের নামই মা। পৃথিবীর সবচেয়ে মধুর ও আবেগঘন শব্দগুলোর একটি এই ‘মা’।
বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার দিবসটি উদযাপন করা হয়। মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যেই এই বিশেষ দিনটির প্রচলন।
মা দিবসের আধুনিক যাত্রা শুরু হয় যুক্তরাষ্ট্রে। ১৯০৮ সালে আন্না জার্ভিস নামে এক নারী নিজের মায়ের স্মৃতির প্রতি সম্মান জানাতে প্রথমবারের মতো মা দিবস পালন করেন। পরে ১৯১৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে আনুষ্ঠানিকভাবে মা দিবস হিসেবে ঘোষণা দেন। এরপর ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি জনপ্রিয় হয়ে ওঠে।
মা শুধু একজন অভিভাবক নন, সন্তানের জীবনের প্রথম শিক্ষকও। জন্মের পর থেকে সন্তানের বেড়ে ওঠা, শিক্ষা, আদর্শ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে মায়ের অবদান সবচেয়ে বেশি। সন্তানের সুখ-দুঃখ, হাসি-কান্না আর প্রতিটি সংগ্রামে মায়ের ভূমিকা অনন্য।
বাংলাদেশসহ বিশ্বের নানা দেশে দিবসটি উপলক্ষে নানা আয়োজন করা হয়। কেউ ফুল বা উপহার দিয়ে মাকে শুভেচ্ছা জানান, কেউ পরিবারের সঙ্গে সময় কাটান। আবার অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের সঙ্গে স্মৃতিচারণ করে আবেগঘন বার্তা শেয়ার করেন।
তবে অনেকেই মনে করেন, মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য শুধু একটি দিন যথেষ্ট নয়। প্রতিদিনের আচরণ, যত্ন আর সম্মানেই ফুটে উঠুক মায়ের প্রতি সন্তানের সত্যিকারের ভালোবাসা। কারণ অনেকের কাছেই মা মানে পুরো পৃথিবীর আরেক নাম।