রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণ পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় প্রায় ১১ কোটি ৬৭ লাখ টাকা মূল্যের স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. ইয়াছিন আরাফাত সৌরভ, মো. জাকিরুল ইসলাম জুয়েল ও মো. শাওন।
পরে ইয়াছিন আরাফাত সৌরভের কোমরে কমলা কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। পরীক্ষা করে সেগুলো ২৪ ক্যারেটের স্বর্ণের পেস্ট বলে নিশ্চিত হন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম, যা ৬৪৩ ভরির সমান। এর আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।
এ ঘটনায় স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।