ইউক্রেনে আবারও বড় ধরনের সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে রাশিয়া। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন আশঙ্কার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) রাতে দেওয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়ার নতুন করে হামলার প্রস্তুতি নেওয়ার বিষয়ে ইউক্রেনের কাছে তথ্য রয়েছে। তবে সম্ভাব্য হামলার সময় সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।
রুশ বাহিনীর আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করা জরুরি বলে মনে করেন জেলেনস্কি। এ জন্য অতিরিক্ত অস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রয়োজন। তবে এসব অস্ত্র সরবরাহের বিষয়টি যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
জেলেনস্কি আরও বলেন, রাশিয়া যেন কূটনৈতিক প্রচেষ্টা এবং মানুষের জীবনের প্রতি অবজ্ঞা দেখানোর সুযোগ না পায়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
গত সেপ্টেম্বর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী। সোমবার কিয়েভের একটি এলাকায় রাশিয়ার হামলায় পাঁচজন আহত হন। এর আগে রোববার রাজধানীর কাছের একটি শহরে রুশ হামলায় প্রাণ হারান ১১ জন।
এদিকে, ন্যাটোর পার্লামেন্টারি অ্যাসেম্বলির সোমবারের বৈঠকে ইউক্রেনের প্রতি সমর্থন পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন জেলেনস্কি। তাঁর মতে, ন্যাটোর সদস্য হওয়ার যোগ্যতা রয়েছে ইউক্রেনের। একই সঙ্গে জোটটির সামরিক সক্ষমতা বাড়াতেও ভূমিকা রাখতে পারবে দেশটি।
তবে ইউক্রেনের ন্যাটোতে অন্তর্ভুক্তির বিরোধিতা করে আসছে মস্কো। এ নিয়ে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।