যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে আলোচনায় বসার আগে নিজেদের উত্থাপিত সাতটি শর্ত পূরণের দাবি পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, এসব শর্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা বা সমঝোতার উদ্যোগ নেওয়া হবে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইরানের পার্লামেন্টের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ অবস্থান তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাম্প্রতিক হুমকি ও চাপের প্রসঙ্গ উল্লেখ করে গালিবাফ বলেন, ইরানের অবস্থান আগের মতোই অপরিবর্তিত রয়েছে।
তিনি অভিযোগ করেন, ইরানের জনগণকে হুমকি দেওয়া, অপমানজনক বক্তব্য এবং অর্থনৈতিক চাপ প্রয়োগের বিষয়গুলো ওয়াশিংটনের দুর্বলতারই বহিঃপ্রকাশ। এসব চাপের মুখে তেহরান নিজেদের অবস্থান থেকে সরে আসবে না বলেও জানান তিনি।
গালিবাফ আরও বলেন, প্রতিপক্ষ কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নিলে ইরান তার কঠোর জবাব দিতে প্রস্তুত। শত্রুপক্ষ ভুল সিদ্ধান্ত নিলে যুদ্ধের ক্ষেত্র আরও বিস্তৃত হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে ইরানের সাতটি শর্তের পূর্ণাঙ্গ সরকারি তালিকা প্রকাশ করা হয়নি। তবে দেশটির বিভিন্ন কর্মকর্তার বক্তব্য ও রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শর্তগুলোর মধ্যে রয়েছে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা সম্পদ ফেরত দেওয়া, ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া, যুদ্ধের ক্ষতিপূরণ, ভবিষ্যতে হামলা না চালানোর নিশ্চয়তা এবং হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনার অধিকার নিশ্চিত করা।
গালিবাফের বক্তব্যে শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রশ্নই নয়, দেশের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। অর্থনৈতিক সংকট ও যুদ্ধ পরিস্থিতির মধ্যে রাজনৈতিক মতপার্থক্য যেন বড় ধরনের বিভক্তিতে রূপ না নেয়, সে বিষয়ে আইনপ্রণেতাদের সতর্ক করেন তিনি।
তেহরানের এই কঠোর অবস্থানের ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক আলোচনার পথ আরও জটিল হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।