ভারতের আলোচিত ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দিল্লির একটি আদালত। ২০১৮ সালে প্রকাশিত একটি ইউটিউব ভিডিওকে কেন্দ্র করে দায়ের করা মানহানির মামলায় সোমবার (২৩ নভেম্বর) এ আদেশ দেওয়া হয়।
বিচারিক ম্যাজিস্ট্রেট আনাম রইস খান এ পরোয়ানা জারি করেন। মামলাটি করেছিলেন বিকাশ সংস্কৃতায়ন, যিনি বিকাশ পান্ডে নামেও পরিচিত। ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে তাকে নিয়ে একটি ভিডিও প্রকাশের পর তিনি আদালতের দ্বারস্থ হন।
আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৩ ডিসেম্বর। তবে সর্বশেষ আদেশের বিস্তারিত অনুলিপি এখনো পাওয়া যায়নি।
এর আগে গত ৩১ অক্টোবর ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। তারও আগে ১৭ অক্টোবর আদালতের একজন প্রতিনিধি সমন পৌঁছে দিতে গিয়ে তার বাড়িতে যান। তবে সেখানে গিয়ে বাড়িটি তালাবদ্ধ দেখতে পান তিনি। পরে এ বিষয়ে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়।
এরপর আদালত নতুন করে জামিনযোগ্য পরোয়ানা জারির পাশাপাশি হরিয়ানার গুরুগ্রামে ধ্রুব রাঠির ঠিকানায় সমন পাঠানোর নির্দেশ দেন।
মামলার শুনানিতে রাঠির আইনজীবী আদালতকে জানান, ধ্রুব রাঠি সাধারণত অস্ট্রিয়ায় বসবাস করেন। দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে তিনি ভারতে এসেছিলেন।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, এ মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে প্রথম সমন জারি করা হয়েছিল ২০১৯ সালের জুলাই মাসে। অর্থাৎ, প্রায় সাত বছর ধরে চলা এই মামলায় এবারই তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হলো।