দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে বিএনপিকে নিজেদের অবস্থান ও ভুল সংশোধন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা এনসিপি শুরু থেকেই বলে আসছে। বর্তমানে সরকারও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। সংকটময় পরিস্থিতিতে সরকারপ্রধানের আহ্বানে সাড়া দিতে প্রস্তুত রয়েছে এনসিপি।
তবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বিএনপিকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন তিনি। তাঁর অভিযোগ, গণভোটের রায় মেনে না নিয়ে বিএনপি ঐক্যের পথে বাধা সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, দেশের গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা থাকা জরুরি। শেখ হাসিনার রায় কার্যকরের বিষয়ে বিএনপি একমত হলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার পথ আরও সহজ হবে।
এ সময় সংবিধান সংশোধন কমিটি দ্রুত বিলুপ্ত করা এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের দাবিও জানান এনসিপি আহ্বায়ক।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচারের রায় কার্যকর এবং গঙ্গা চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে তাঁরা জাতীয় ঐক্য গড়ে তুলতে চান।
যুক্তরাজ্য সফরের সময় নিজের ওপর হামলার ঘটনা নিয়েও কথা বলেন তিনি। নাহিদের দাবি, যুক্তরাজ্যে একটি অনুষ্ঠানে পতিত ফ্যাসিস্টদের পক্ষ থেকে তাঁকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছিল। এ ঘটনায় প্রবাসীরা তাঁর নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি আরও অভিযোগ করেন, দেশে ও দেশের বাইরে একই গোষ্ঠী অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। বিষয়টি যুক্তরাজ্য সরকারকে জানানো হয়েছে এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।